বিপুল পরিমাণ তথ্য ব্যবস্থাপনা বড় চ্যালেঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি শতকের শুরু থেকেই জ্ঞান-বিজ্ঞানের নানা তথ্য সংরক্ষণ ও সবার মধ্যে ছড়িয়ে দিতে তথ্যপ্রযুক্তি বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। সময়ের সঙ্গে তথ্যের পরিমাণ এত বিপুল আকার ধারণ করেছে যে তার ব্যবস্থাপনা বর্তমান সময়ের অন্যতম চ্যালেঞ্জ। নতুন এই চ্যালেঞ্জ মোকাবিলার পথ বাতলাতে তথ্যপ্রযুক্তির শিক্ষাবিদ, গবেষক এবং পেশাজীবীদের অংশগ্রহণে রাজধানীর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) অনুষ্ঠিত হলো তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন। সফটওয়্যার, জ্ঞান, তথ্য ব্যবস্থাপনা ও এর প্রয়োগ নিয়ে ‘স্কিমা ২০১৪’ নামের এ সম্মেলন শেষ হয়েছে গতকাল শনিবার। ইউআইইউর উদ্যোগে বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত হলো স্কিমার এই অষ্টম সম্মেলন।

স্কিমা ২০১৪-এ ২৭টি দেশ থেকে ১৮৪টি পত্র জমা পড়ে বলে জানা যায়। এই সম্মেলনে ৭৫টি গবেষণাপত্র উপস্থাপন করা হয়। মূলত বাংলায় কম্পিউটার চর্চা, রোবটবিজ্ঞান, ছবি শনাক্তকরণ, ডেটা মাইনিং, নেটওয়ার্ক ও তারহীন যোগাযোগ, স্মার্টফোনভিত্তিক প্রযুক্তি ইত্যাদি নিয়ে আলোচনা করা হয় সম্মেলনের বিভিন্ন অধিবেশনে।
গত বৃহস্পতিবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক এ কে আজাদ চৌধুরী। তিনি বলেন, সফটওয়্যার প্রকৌশল, তথ্যপ্রযুক্তির বিকাশ ঘটাতে ও ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে এই আন্তর্জাতিক সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
সম্মেলন সম্পর্কে জানতে চাইলে ইউআইইউর উপ-উপাচার্য এবং স্কিমা ২০১৪-এর সহসভাপতি চৌধুরী মফিজুর রহমান বলেন, ‘ইউরোপীয় ইউনিয়ন ও এশিয়ার ২২টি দেশ থেকে ৪৫ জন গবেষক এসেছিলেন সম্মেলনে। তাঁরা তাঁদের গবেষণালব্ধ জ্ঞান আমাদের মাঝে ছড়িয়ে দিয়েছেন। তাঁদের সঙ্গে আলোচনার মাধ্যমে শিক্ষার্থী আদান-প্রদানের সুযোগ তৈরি হয়েছে।’
ইউআইইউর কারিগরি সহায়তায় সম্মেলনটি আয়োজনে সহযোগিতা করেছে দ্য ডেইলি স্টার। অন্য সহযোগীদের মাঝে আছে ইউনাইটেড গ্রুপ, নিউজক্রেড এবং সাউথইস্ট ব্যাংক লিমিটেড।